মৃদুলের প্রশান্তিময় অনন্ত জীবনের প্রার্থনা

২২ জানুয়ারি, ২০২১ ২০:০৩  
প্রশান্তিময় অনন্ত জীবনের প্রার্থনায় টাঙ্গাইল সদরের পারিবারিক কবরস্থানে জন্মস্থানেই চিরঘুমে শায়িত করা হলো ওয়ালটনের তরুণ পরিচালক মৃদুলকে। শুক্রবার (২২ জানুয়ারি) বাদ জুমআ টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় সমবেত দশ হাজারের বেশি মানুষের প্রার্থনায় সিক্ত হয়েছেন মাহবুব আলম মৃদুল। এসময় আত্মার মাগফেরাত কামনা করে এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বজনেরা। জনাজা নামাজে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস‌্য ছানোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম। এছাড়াও স্বজনদের মধ্যে তার বাবা ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এসএম শামছুল আলম, ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভী,ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোর্শেদ, এসএম রেজাউল আলম শামীম, মাহবুব আলম খালিদ এবং নির্বাহী পরিচালক জাহিদ হাসান প্রমুখ। প্রসঙ্গত, ২৪তম জন্মদিনের চার দিন আগে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ‌্যা ৬টা ২৩ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করে মাহবুব আলম মৃদুল। ১৯৯৭ সালের ২৫ জানুয়ারি টাঙ্গাইল সদরের গোসাই জোয়ার গ্রামে জন্ম গ্রহণ করেন তিনি।